শিক্ষা

এইচএসসি ২০২৬: ১৫ জুন থেকে শুরু হচ্ছে ঢাকা বোর্ডের প্রবেশপত্র বিতরণ

ঢাকা, ৮ জুন – ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৫ জুন থেকে বিতরণ শুরু করার ঘোষণা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,

১৫ জুন সোমবার সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। পরবর্তী দিন ১৬ জুন মঙ্গলবার একই সময়ে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র দেওয়া হবে।

সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার মনোনীত কোনো শিক্ষক যথাযথ সত্যায়নসহ অফিস চলাকালীন সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। বোর্ড কঠোরভাবে জানিয়েছে যে, শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া যাবে না।

ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করে ভুল সংশোধন করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে কোনো জটিলতা সৃষ্টির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষই দায়ী থাকবেন বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language