চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট – সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের সুরক্ষায় বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেওয়ার মাধ্যমে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
রেইনকোট হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের জীবনমান ও সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানের শ্রমিক সন্তুকী রায় চা শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে চা পাতা তুলে দেন।
প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সমাজের সামর্থ্যবানরা এবং বেসরকারি খাত যদি একটু একটু করে এগিয়ে আসে, তবে সম্মিলিত প্রচেষ্টায় দেশের অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। তিনি মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, যারা জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হতে চায়, সরকার সবসময় তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করবে।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় কাজ করার সময় শারীরিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে। মূলত বেসরকারি সিএসআর তহবিলের মাধ্যমে এই সামগ্রীগুলো সংগ্রহ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে মোট ২০ হাজার শ্রমিকের মাঝে উন্নত মানের রেইনকোট প্রদান করা হবে।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









