জাতীয়

প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

ঢাকা, ১৮ আগস্ট – রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত ছিল। নির্দিষ্ট সময়ের পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি এ সময় ভোটের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেন। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে কর্নেল (অব.) অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন। আজই নির্বাচনের ব্যালট পেপার তৈরির কাজ সম্পন্ন হবে। ব্যালট পেপারের দুটি অংশ থাকবে যার একটি মুড়ি এবং অন্যটি মূল অংশ।

মুড়ি অংশে সংসদ সদস্যের নাম, ক্রমিক নম্বর ও বিভক্তি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করে সংসদ সদস্যরা ব্যালট পেপার গ্রহণ করবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম স্বাক্ষর করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরপর তারা নির্ধারিত ব্যালট বক্সে ভোট জমা দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদকক্ষে ভোট গণনা শুরু হবে। এবারের নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা ফলাফল ঘোষণা করবেন এবং পরবর্তীতে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language