কিশোরগঞ্জ

ভৈরবে ফুটবল নিয়ে সংঘর্ষ ও ৬ ঘণ্টা রেল অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ, ৫ জুন – কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

জানা গেছে,

প্রায় দুই সপ্তাহ আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুর গ্রামের তরুণদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচ চলাকালীন দুই গ্রামের ছেলেদের মধ্যে বিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়াম পঞ্চবটী এলাকার তরুণদের হামলার শিকার হয়ে আহত হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুর ও পঞ্চবটী গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে ভৈরব রেলস্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ, র‍্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সংঘর্ষ ও উত্তেজনার কারণে রাত থেকে রেলপথে অবরোধ তৈরি হয় যার ফলে বিভিন্ন স্টেশনে পাঁচটি ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ জানান, রাত ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম মামুনুর রশিদ বলেন যে প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ রেলের ক্ষতিসাধন এবং এই সহিংসতার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language