মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি নিয়ে সোমবার উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করবে ইরান

হরমুজ প্রণালি

তেহরান,১২ সেপ্টেম্বর- হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই বৈঠকের লক্ষ্য হলো “অঞ্চলীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করা এবং যৌথ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বৃদ্ধি করা”। বৈঠকে ইরাকসহ উপসাগরীয় উপকূলীয় দেশগুলোর অংশ নেওয়ার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান অঙ্গীকারবদ্ধ।”

গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান নিয়মিত আলোচনা করে আসছে। গুরুত্বপূর্ণ এই জলপথের তীরবর্তী দেশ দুটিও।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হওয়া এই কৌশলগত প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে সামুদ্রিক পরিবহন আংশিকভাবে স্থবির হয়ে পড়ে এবং বাজারে অস্থিরতা দেখা দেয়।

এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।

আল জাজিরার তেহরান প্রতিনিধি সিনেম কোসিওগলু জানান, ইরান এখন হরমুজ ইস্যুকে আরও বিস্তৃত রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে যেতে চাইছে এবং আঞ্চলিক দেশগুলোর সম্পৃক্ততা বাড়াচ্ছে।

তিনি বলেন, “ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান আঞ্চলিক দেশগুলোর মাধ্যমেই হওয়া উচিত—বিশেষ করে হরমুজ প্রণালীর ক্ষেত্রে।”

তিনি আরও জানান, গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং ইরাকের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। সোমবার ওমানে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত মাসে ইরান ও ওমান হরমুজ প্রণালিতে নৌ চলাচলের জন্য একটি অস্থায়ী রুট, মাইন অপসারণ এবং স্বল্পমেয়াদি ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছায়। এখন তারা দ্বিতীয় ধাপে এগোচ্ছে। এই ধাপে অস্থায়ী শিপিং লেনসহ দীর্ঘমেয়াদি কাঠামো নিয়ে আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language