জাতীয়

জরুরি বিল পরিশোধে ব্যাংকিং অ্যাপে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের উদ্যোগ

ব্যাংকিং অ্যাপ

ঢাকা, ১২ সেপ্টেম্বর-হঠাৎ বিদ্যুৎ-গ্যাসের বিল, সন্তানের স্কুলের বেতন বা হাসপাতালের খরচ দিতে গিয়ে টাকার সংকটে পড়তে হবে না। এমন জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই ঋণের টাকা গ্রাহকের হাতে নগদ হিসেবে দেওয়া হবে না। বরং নির্দিষ্ট জরুরি সেবার বিল পরিশোধে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ ‘জরুরি পেমেন্ট সেবা’ হিসেবে চালু করা হচ্ছে। এই সুবিধার আওতায় ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, সন্তানের স্কুলের বেতন, হাসপাতালের বিল, ডিপিএসের কিস্তি কিংবা বিমার প্রিমিয়াম পরিশোধের মতো প্রয়োজন মেটাতে স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবেন।

নতুন ব্যবস্থায় গ্রাহকের ব্যাংকিং অ্যাকাউন্টে ঋণের টাকা জমা হবে না। জরুরি কোনো বিল পরিশোধের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সেবার বিপরীতে প্রয়োজনীয় অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ গ্রাহক ঋণের টাকা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এই ঋণের জন্য ব্যাংক কোনো সুদ নেবে না। তবে নির্ধারিত হারে একটি মাশুল দিতে হবে। ঋণের মেয়াদ হতে পারে সাত, ১৫ অথবা ৩০ দিন।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল যথাক্রমে ৩, ৪ ও ৬ টাকা। ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে মাশুল হবে যথাক্রমে ৫, ৮ ও ১৫ টাকা।

৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত, ১৫ ও ৩০ দিনের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭, ১২ ও ২০ টাকা। ১ হাজার ১ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণে এই মাশুল হবে ১০, ২০ ও ৩০ টাকা।

২ হাজার ১ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল দিতে হবে যথাক্রমে ১৫, ৩০ ও ৫০ টাকা। আর ৩ হাজার ১ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সাত, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল যথাক্রমে ২০, ৪০ ও ৭০ টাকা।

৫ হাজার ১ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ঋণের মাশুল হবে যথাক্রমে ২৫, ৫০ ও ৯০ টাকা। সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত দিনের জন্য ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে।

অর্থাৎ কোনো গ্রাহক ১০ হাজার টাকা ঋণ নিয়ে ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে তাকে মূল ১০ হাজার টাকার সঙ্গে সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে। ১৫ দিনের মেয়াদে মাশুল হবে ৭০ টাকা এবং সাত দিনের মেয়াদে ৩৫ টাকা।

সিটি ব্যাংক পিএলসির ডিএমডি অরূপ হায়দার মনে করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দৈনন্দিন জরুরি পেমেন্টের সময় গ্রাহকের সাময়িক তারল্য সংকট কাটাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, জরুরি মুহূর্তে বিল পরিশোধের জন্য তাৎক্ষণিক অর্থের প্রয়োজন হয়। নতুন এই সুবিধা সেই স্বল্পমেয়াদি প্রয়োজন পূরণে সহায়তা করবে। একই সঙ্গে এ ধরনের ঋণসুবিধার মাধ্যমে মানুষ আরও বেশি ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হবে, যা নগদনির্ভরতা কমিয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অরূপ হায়দার আরও বলেন, প্রথম দেখায় উদ্যোগটি খুব বড় কোনো বিষয় মনে না হলেও বাস্তবে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। ব্যাংকগুলো এই সুবিধা চালু করলে বিপুলসংখ্যক গ্রাহকের কাছে এটি পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরাই মূলত এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে বিভিন্ন ব্যাংকের নিজস্ব অ্যাপ বা ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকেরা বিভিন্ন ধরনের লেনদেন করছেন। এর মধ্যে সিটি ব্যাংকের সিটিটাচ, ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে এবং সোনালী ব্যাংকের নিজস্ব অ্যাপ রয়েছে।

দেশে বর্তমানে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অ্যাপ ব্যবহার করলেই প্রত্যেকে স্বয়ংক্রিয়ভাবে ঋণ পাওয়ার অধিকারী হবেন না। কোন গ্রাহক কত টাকা পর্যন্ত এই সুবিধা পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জরুরি সময়ে গ্রাহকের সাময়িক অর্থসংকট মেটানোর পাশাপাশি দৈনন্দিন পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও ডিজিটাল করা।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language