২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

ঢাকা, ১২ সেপ্টেম্বর- ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে চূড়ান্ত কতজন হজে যাবেন, সেই সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান, হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬







