ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, ট্রেন চলাচল বিঘ্নিত

কিশোরগঞ্জ, ৫ জুন – কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সাত ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে আটজন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত ২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও এর আশপাশের এলাকায় এই তাণ্ডব চলে।
সংঘর্ষের কারণে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ অভিমুখে ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। এতে অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়লে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হামলাকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ রেলওয়ের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর চালায়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই সপ্তাহ আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের যুবকদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর এলাকার লিয়াম নামের এক কিশোরকে পঞ্চবটীর কয়েকজন যুবক মারধর করলে সংঘাত শুরু হয়।
খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও রেললাইনের পাথর নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এস এম/ ৫ জুন ২০২৬









