কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ, ২৭ জুন – কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স দীর্ঘ ছয় মাস পর খোলা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলার পর এবার রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে মসজিদ চত্বরে বিপুল পরিমাণ এই অর্থ গণনার কাজ চলছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এবারের দানের পরিমাণ পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয়। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

বাক্স থেকে টাকাগুলো প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয় এবং সেখানে মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন শিক্ষার্থী এবং আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এছাড়া মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা ও কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, গণনা শেষ হওয়ার পর মোট অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নিরাপত্তা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে গণনা এবং ব্যাংকে টাকা পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সে সময় ৩ মাস ২৭ দিনে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা সংগৃহীত হয়েছিল। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদটি ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language