কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু: উদ্ধার করতে গিয়ে নিজের ছেলেকে দেখলেন পুলিশ সদস্য

কিশোরগঞ্জ, ২৪ জুলাই – কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করতে গিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল হক আবিস্কার করেন যে নিহত শিশুটি তার নিজের সন্তান।

শুক্রবার সকালে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত ১০ বছর বয়সী তুহিন স্থানীয় আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা সামসুল হক কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের স্থায়ী নিবাস পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তুহিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে যান কনস্টেবল সামসুল। তিনি তখন কল্পনাও করতে পারেননি যে ঘটনাস্থলে নিজের ছেলেকে মৃত অবস্থায় পাবেন। সেখানে পৌঁছে সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান সামসুল তাদের থানার একজন নিবেদিত কর্মী। সংবাদ পেয়ে তিনি দায়িত্ব পালনের জন্যই ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে ছেলের মরদেহ দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনএন/ ২৪ জুলাই ২০২৬


Back to top button