বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ

চাঁপাইনবাবগঞ্জ, ৪ জুন – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারত থেকে ২৮ জন বাংলাদেশিকে জোরপূর্বক পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান এবং কড়া নজরদারির কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের মধ্যবর্তী শূন্য রেখায় অবস্থান করছেন। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়,
বুধবার দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২০৩/৬ আর সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা এই পুশ ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগী ২৮ জনের দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
পুশ ইনের খবর পেয়েই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং দেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই সীমান্ত এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজ করছে। বিএসএফ তাদের জনবল বৃদ্ধি করে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে।
ফলে যেকোনো সময় পুনরায় পুশ ইনের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ১
৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুজ্জামান জানান, গভীর রাতে অমানবিকভাবে ২৮ জনকে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাদের শূন্য লাইনে আটকে দেন। উভয় দেশের সমঝোতা ও বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ৪ জুন ২০২৬









