টাঙ্গাইলে ভয়াবহ দুর্ঘটনার পরও থেমে নেই ট্রাকে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা

গাজীপুর, ২৬ মে – টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবারও মহাসড়কে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চিত্র। অতিরিক্ত বাস ভাড়া এড়াতে নিম্নআয়ের মানুষ এখনও খোলা ট্রাক এবং পিকআপে করে গন্তব্যে রওনা হচ্ছেন।
মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করা রাহেলা বেগম তার দুই সন্তানকে নিয়ে সিরাজগঞ্জ যাওয়ার জন্য চন্দ্রা মোড়ে অপেক্ষা করছিলেন।
তিনি জানান,
বাসে জনপ্রতি ভাড়া আটশ টাকা যা তার সাধ্যের বাইরে। তাই মাত্র চারশ টাকা ভাড়ায় তিনি ট্রাকে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন। রাহেলার মতো শত শত মানুষ জীবনের ঝুঁকি আছে জেনেও কিছুটা অর্থ সাশ্রয়ের আশায় এই অনিরাপদ পথ বেছে নিচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রশাসনের তৎপরতার মাঝেও অসাধু চক্রের সহায়তায় ট্রাক চালকরা যাত্রী পরিবহন করছেন বলে অভিযোগ উঠেছে।
চালকদের দাবি,
স্টেশনে থাকা কিছু লোক কমিশনের বিনিময়ে তাদের ট্রাক ও পিকআপে যাত্রী তুলে দিচ্ছে। অন্যদিকে যাত্রী হাফেজ মিয়া আক্ষেপ করে বলেন, সামান্য বেতনে চাকরি করে পরিবারের চার সদস্যের অতিরিক্ত বাস ভাড়া জোগাড় করা অসম্ভব। তাই জ্যাম আর বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই ট্রাকে চড়ছেন তারা।
গাজীপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রী তুলনায় পর্যাপ্ত যানবাহন না থাকা এবং মানুষের চাহিদার কারণে অনেক সময় কঠোর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে তাদের দুই শতাধিক সদস্য কাজ করছেন।
উল্লেখ্য যে,
গত সোমবার সকালে রডবোঝাই ট্রাকে যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন, যা এবারের ঈদযাত্রার সবচেয়ে বড় ট্র্যাজেডি।
এস এম/ ২৬ মে ২০২৬









