গাজীপুর

গবেষণার জন্য সাভারের বিএলআরআইতে নেওয়া হলো আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প

সাভার, ২৩ জুন – ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মহিষটিকে নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে গত রবিবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে হস্তান্তর করে। প্রাণিটির বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার জন্য ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, চিড়িয়াখানা থেকে আসায় মহিষটিকে ১৪ থেকে ২১ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে মহিষটি সম্পূর্ণ রোগমুক্ত কি না তা নিশ্চিত করা হবে এবং এর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

পরবর্তীতে মহিষটিকে নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণা শুরু হবে। উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা হয়েছিল। মহিষটির অসাধারণ ও দীর্ঘ চুলের কারণে মার্কিন প্রেসিডেন্টের নামের সাথে মিল রেখে এর নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language