দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৯৭

ঢাকা, ২১ জুলাই – দেশে গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে এক হাজার আটজন শিশু হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট এক লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জন শিশুর শরীরে। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় যারা মারা গেছে তাদের মধ্যে দুজন সিলেটের এবং রাজশাহী ও ময়মনসিংহের একজন করে শিশু রয়েছে।
তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট এক লাখ দুই হাজার ২৪৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যথাযথ চিকিৎসার মাধ্যমে ইতিমধ্যে ৯৮ হাজার ৪১১ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
এনএন/ ২১ জুলাই ২০২৬









