জাবির মুক্তমঞ্চে বড় পর্দায় ব্রাজিলের ম্যাচ, সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

গাজীপুর, ১৪ জুন – ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্তমানে অনেকটাই নির্জন। তবে বিশ্ব ফুটবলের মহোৎসবের উন্মাদনা সেই নিরবতা ভেঙে ক্যাম্পাসে নতুন প্রাণের সঞ্চার করেছে। হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আনাচে-কানাচে।
রবিবার ভোর ৪টায় অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর মধ্যকার গ্রুপ পর্বের বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড় পর্দায় এই খেলা দেখার আয়োজন করা হয়।
সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার ফুটবলপ্রেমী একত্রিত হয়ে ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। খেলা শুরুর অনেক আগে থেকেই সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি ও পতাকা নিয়ে জড়ো হতে থাকেন। দর্শকদের বড় অংশ ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক।
ম্যাচের শুরুতে ব্রাজিল ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় তারা কিছুটা হতাশ হন। তবে সমর্থকরা আশা প্রকাশ করেন যে পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে। অন্যদিকে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে পয়েন্ট পাওয়ায় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে মরক্কোর সমর্থকদের। মজার ব্যাপার হলো এদিন মরক্কোর পক্ষে আর্জেন্টিনার সমর্থকদেরও ব্যাপক সমর্থন দিতে দেখা গেছে।
এস এম/ ১৪ জুন ২০২৬









