শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৩ মে – দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কেন্দ্র বা সোলার প্ল্যান্ট স্থাপন করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না। এর পাশাপাশি আগামী ২০৩০ সালের মধ্যে দেশে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বুধবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের সাথে সৌরবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জট নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করছে সরকার।

এই পরিকল্পনা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে কীভাবে সিলেবাস দ্রুত শেষ করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দেশের মানবসম্পদকে উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এর আগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পরিবেশবান্ধব নেট জিরো ক্যাম্পাস গড়ার লক্ষে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন একটি অন-গ্রিড ওপেক্স মডেল সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language