শিক্ষা

জাহাঙ্গীরনগরে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগ্যতা সংশোধনের দাবি আইডিইবির

আইডিইবি

গাজীপুর, ২৮ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগে সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে উল্লেখিত ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদের শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সই করা এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং (স্নাতক) ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আইডিইবির দাবি, এটি সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সরাসরি ব্যত্যয়।

আইডিইবি জানায়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২) পদোন্নতি ২৭/৯৪-১৬৪ (তারিখ: ১৯/১১/১৯৯৪) এবং অর্থ মন্ত্রণালয়ের ০৩/১২/১৯৯৪ তারিখের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদগুলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত।

এ ছাড়া, অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ইউনিফর্ম পদবী দেওয়ার সুস্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

আইডিইবির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীকে ক্ষুব্ধ করেছে। তারা অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী পদে শুধু কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।

এস এম/ ২৮ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language