ক্রিকেট

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

দিল্লি,২৮ সেপ্টেম্বর- বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়েই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল আফগানিস্তান। সোমবার ভারত-আফগানিস্তান ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে গেছে ভারত।

নিশিনে সারাদিনের টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় টসের নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। মাঠের বেশির ভাগ অংশ ভারী কভারে ঢাকা ছিল।

টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী হিসেবে বিবেচনা করা হবে। সেই নিয়মেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নেয় ভারত।

এর আগে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালেও বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। একই নিয়মে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে পাকিস্তান। নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠবে।

অন্যদিকে শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে একই নিয়মে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশেরও।

আফগানিস্তানের জন্য এটি টানা দ্বিতীয়বার ভারতের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে এশিয়ান গেমস শেষ হওয়ার ঘটনা। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের ফাইনালেও ভারত-আফগানিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ১৮.২ ওভার পর পরিত্যক্ত হয়েছিল। সেবার রৌপ্যপদক পেয়েছিল আফগানিস্তান।

এবারও বৃষ্টিই আফগানিস্তানের পথ আটকাল। অন্যদিকে শীর্ষ বাছাই হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাওয়া ভারত কোনো ম্যাচ না খেলেই জায়গা করে নিল শেষ চারে।

এস এম/ ২৮ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language