জাতীয়

প্রান্তিক উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ১,৫০০ কোটি টাকার ঋণ তহবিল, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বাংলাদেশ ব্যাংক

ঢাকা,১৩ নভেম্বর-জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ থেকে বঞ্চিত ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্বল্প আয়ের প্রান্তিক পেশাজীবীদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে। ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। এ ছাড়া ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত দিতে হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো ওই নির্দেশনায় ঋণ পাওয়ার যোগ্যতা, পরিমাণ, সুদের হার এবং বিতরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো এই তহবিল থেকে ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে। তবে তাদের মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি সুবিধা থাকবে। গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করা যাবে। এ ছাড়া ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে ঋণ বিতরণের ক্ষেত্রে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক। এ ছাড়া মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটির ও হস্তশিল্পের মতো উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও এই ঋণ পাবেন।

কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকেরা যেন ঋণ পাওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। পাশাপাশি নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপকূলীয় ও হাওর এলাকার বাসিন্দা, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও তৃতীয় লিঙ্গের মানুষও অগ্রাধিকার পাবেন। তহবিলের আওতায় বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্যও এই স্কিমে বিশেষ সুযোগ রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় মেটানো এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই ঋণ পরিশোধের বিষয়ে অভিভাবকের নিশ্চয়তা থাকতে হবে।

ঋণ গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একজন একক উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করে দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নেওয়া যাবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে পাবেন এবং ঋণের দায় ব্যক্তিগত ও যৌথভাবে বহন করবেন। ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে।

ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ করতে পারবে। তবে নির্ধারিত চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। পাশাপাশি প্রতি তিন মাস পরপর ঋণ তদারকির প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language