আসাম

আসামে মিনিবাস-কন্টেইনার ট্রাক সংঘর্ষে ২৩ জন নিহত, অধিকাংশই শিক্ষার্থী

মিনিবাস-কন্টেইনার ট্রাক সংঘর্ষ

দিসপুর,১৩ নভেম্বর-ভারতের আসামে মিনিবাসের সঙ্গে কন্টেইনার ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। এ ছাড়া বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাওয়ার পথে কাজিরাঙ্গায় বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। মিনিবাসটির অধিকাংশ যাত্রীই ছিলেন শিক্ষার্থী।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আহতদের অনেককেই পরে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উদ্ধারকাজ চলার সময় গোলাঘাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) স্বপ্ননীল ডেকা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় ২৩ জন মারা গেছেন। আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি এবং বাস থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, মিনিবাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসএসপি ডেকা বলেন, মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করেছিল। পুলিশের ধারণা, কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষের আগে চালক গাড়িটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

আসামের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী অতুল বরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, প্রাণহানির এই ঘটনা পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language