আসাম

আসামে ভারতীয় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৫ সেনা

দিসপুর, ১৩ জুন – ভারতের আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে জোরহাট বিমানঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে জোরহাটে একটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় এএন-৩২ বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি অবতরণের সময় বিমানঘাঁটির চত্বরেই বিধ্বস্ত হয় এবং এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি এবং এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বিমান বাহিনী।

আইএএফ এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জোরহাটে দুর্ঘটনার বিষয়ে সরকার অবগত রয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি দীর্ঘ দিন ধরে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, এর কয়েক মাস আগে আসামের কার্বি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language