আসামে কলকাতা-সাইরং এক্সপ্রেস লাইনচ্যুত, ইঞ্জিনসহ ৬টি কামরা দুর্ঘটনার কবলে

দিসপুর,১১ নভেম্বর-ভারতের আসামে কলকাতা-সাইরং এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আসামের রাজধানী গুয়াহাটির কাছে ডিগারুতে ট্রেনটির ইঞ্জিনসহ ৬টি কামরা লাইনচ্যুত হয়। এতে কামরাগুলো একদিকে কাত হয়ে পড়ে।
জানা গেছে, দুর্ঘটনার শিকার এক্সপ্রেস ট্রেনটি কলকাতার চিৎপুর রেলস্টেশন থেকে ছেড়ে মিজোরামের সাইরংয়ের দিকে যাচ্ছিল। যাত্রাপথে আসামের কামরূপ জেলার ডিগারুতে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন। খবর পেয়ে রেলের কর্মকর্তারাও দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের প্রধান সংযোগ কর্মকর্তা (সিপিআরও) কপিঞ্জল কিশোর শর্মা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আজ সকাল ৬টা ৫৪ মিনিটের দিকে ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি কোচ লাইনচ্যুত হয়। ট্রেনটি অন্য একটি ট্রেনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু লোকো পাইলট ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এটি লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইন থেকে সরে যায়। যাত্রীদের বিকল্প ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হয়েছে। জেনারেল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।’
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







