জাতীয়

সরকারি কর্মচারীদের পেনশন ৫৫–১০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অর্থ মন্ত্রণালয়
ঢাকা,১৩ নভেম্বর-সরকারি কর্মচারীদের পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারণের বিধান সংশোধন করে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয় থেকে গত বুধবার জারি করা এই প্রজ্ঞাপনে বিদ্যমান পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অবসর-উত্তর ছুটি ভোগরত কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও আনুতোষিক নির্ধারণের বিধান যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

পেনশন বাড়ল কতটা

সংশোধিত আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যারা মাসিক নিট পেনশন ও পারিবারিক পেনশন পাচ্ছেন, ৩০ জুন পর্যন্ত পাওয়া নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে তাদের নতুন পেনশন নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে যারা সর্বনিম্ন থেকে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পেতেন, তাদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ফলে তাদের সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা।

যাদের নিট পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে, তাদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ। এতে তাদের সর্বনিম্ন নিট পেনশন দাঁড়াবে ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬৫ শতাংশ। এর ফলে তাদের সর্বনিম্ন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।

এ ছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৬০ শতাংশ বাড়বে। এতে তাদের সর্বনিম্ন নিট পেনশন নির্ধারিত হবে ৪৯ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা।

অন্যদিকে, যাদের নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ। এ ক্ষেত্রে সর্বনিম্ন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

তবে বিদ্যমান পেনশনভোগীদের মধ্যে যারা ইতোমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন। এ ছাড়া নিট পেনশনের হিসাবে কোনো ভগ্নাংশ থাকলে তা পরবর্তী পূর্ণসংখ্যায় রূপান্তর করতে হবে।

অবসর-উত্তর ছুটি ও লাম্পগ্র্যান্টের বিধান

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাই বা তার আগে শুরু হয়ে এখনো চলমান রয়েছে, তারা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন ও ভাতাদি পাবেন।

তবে অবসর-উত্তর ছুটি শেষ হওয়ার পর তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ করা হবে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর বিধান অনুযায়ী।

অন্যদিকে, যারা ২ জুলাই বা তার পরে অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তারা ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ছুটিকালীন বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক পাবেন।

লাম্পগ্র্যান্টের ক্ষেত্রে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জুন চাকরি শেষ করে ১ জুলাই যাদের অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে, তারা ছুটি প্রাপ্যতা সাপেক্ষে ২০১৫ সালের বেতনস্কেলে অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।

অন্যদিকে, ২ জুলাই বা তার পরে যাদের অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে, তারা ২০২৬ সালের বেতনস্কেলে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।

ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে কোনো কর্মচারী কম মূল বেতন পেলেও তার নিট পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারিত মূল বেতনের ভিত্তিতেই হিসাব করা হবে। প্রাপ্য আনুতোষিক ও লাম্পগ্র্যান্টের সম্পূর্ণ অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে।

পুনর্নির্ধারণ ও পারিবারিক পেনশন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ জারির তারিখ পর্যন্ত কারও নিট পেনশন, আনুতোষিক বা ছুটি নগদায়নের দাবি যদি ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী নিষ্পত্তি হয়ে থাকে, তবে তা পুনর্নির্ধারণ করতে হবে।

নতুন করে হিসাব করার পর অতিরিক্ত কোনো অর্থ পাওনা হলে তা পরিশোধ করা হবে। পাশাপাশি, কোনো মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশন ও উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে সংশ্লিষ্টদের মধ্যে অর্থ বণ্টন করতে হবে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language