ফেনী সফরে প্রধানমন্ত্রী: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচি

ঢাকা, ০১ অক্টোবর – প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ফেনীতে যাচ্ছেন। সকাল সাড় ৮টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশ্যে তাঁর যাত্রা শুরু করার কথা রয়েছে। সফরজুড়ে জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে একাধিক প্রকল্পের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।
টানা কর্মসূচিতে যেমন থাকছে প্রধানমন্ত্রীর ফেনী সফর
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে দীর্ঘ যাত্রা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঐতিহ্যবাহী ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন।
বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প: পরশুরামে শুরুতেই প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক বহুল প্রতীক্ষিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বৃক্ষরোপণ কর্মসূচি: বেলা ১টা ১৫ মিনিটে পরশুরামের কর্মসূচি শেষে তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে রওয়ানা হবেন। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে তিনি পরিবেশ সুরক্ষায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করবেন।
গ্রিন এনার্জি ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ: দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পরিবেশবান্ধব ‘রুফটপ সোলার’ ব্যবস্থা থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
সামাজিক নিরাপত্তা ও সম্মানী প্রদান
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন সরকারপ্রধান।
এই বিশেষ আয়োজন থেকে প্রধানমন্ত্রী প্রান্তিক পরিবারগুলোর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষি খাতের টেকসই উন্নয়নে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ আনুষ্ঠানিকভাবে বিতরণ করবেন। একই মঞ্চ থেকে তিনি স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তির কল্যাণার্থে বিশেষ ভাতা ও সম্মানী প্রদান কর্মসূচির সূচনা করবেন।
দিনব্যাপী সার্বিক রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করে বিকেল ৫টায় ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় সড়কপথে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা নাগাদ তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনী ও আশপাশের এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এনএন/ ০১ অক্টোবর ২০২৬







