শিক্ষার্থীদের জন্য বড় সুখবর! দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা, ১৩ মে – তীব্র গরম আর কোরবানির ঈদের আনন্দকে সামনে রেখে বড় ছুটিতে যাচ্ছে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে একযোগে এই ছুটি শুরু হচ্ছে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব মেলালে শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষেই দীর্ঘ অবকাশের আমেজ পেয়ে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ছুটি শুরু হবে ২৪ মে (রোববার)। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই স্তরের শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরবে ৭ জুন (রোববার)। সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা
অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোর শিক্ষার্থীরা এবার সবচেয়ে দীর্ঘ ছুটি উপভোগ করতে যাচ্ছে। তাদের ছুটি শুরু হবে ২৪ মে (রোববার)। ছুটি শেষ ১১ জুন (বৃহস্পতিবার)। ক্লাস শুরু হবে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে মাদরাসার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ১৪ জুন (রোববার)। সব মিলিয়ে প্রায় ২৩ দিনের ছুটি পাবে তারা।
পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশকে (Summer Vacation) সমন্বয় করেই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, বছরের মাঝামাঝি সময়ে শিক্ষার্থীদের মানসিক ক্লান্তি দূর করতে, বিশ্রাম নিতে এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দিতেই এই পরিকল্পনা।
ছুটি আনুষ্ঠানিকভাবে ২৪ মে শুরু হলেও ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পর মাঝখানের শুক্র ও শনিবার মিলিয়ে শিক্ষার্থীরা আগেভাগেই ছুটির মেজাজে চলে যাবে। অনেক পরিবার ইতিমধ্যে গ্রামে ফেরার বা ভ্রমণের পরিকল্পনাও শুরু করে দিয়েছে।
এনএন/ ১৩ মে ২০২৬









