কানাডা

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে টরন্টোতে সিলেটবাসীদের ব্যাপক শোডাউন

নজরুল মিন্টো

টরন্টো, ২৭ এপ্রিল – গতকাল টরন্টোতে বসবাসরত সিলেটবাসীদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো। কানাডার বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সেলিব্রেশন ব্যাঙ্কুয়েট হলে এবাদ-মঈনুল-বাবলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে পুরো আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত আয়োজনে। বাংলাদেশ কমিউনিটির কোনো প্রাক নির্বাচনী সভা এত বড় পরিসরে, এত উৎসাহ ও মহাসমারোহে অনুষ্ঠিত হতে খুব কমই দেখা গেছে।

ছবিতে এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

অনুষ্ঠানের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল দীর্ঘদিন সংগঠন থেকে দূরে থাকা অনেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিশেষভাবে চোখে লেগেছে ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্যদের সরব উপস্থিতি। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও জেলাভিত্তিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহণ আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সবার কণ্ঠে ছিল প্রায় একই প্রত্যাশা, “আর বিভক্তি নয়, আর দলাদলি নয়। টরন্টো নগরীতে বৃহত্তর সিলেটবাসীদের জন্য একটি শক্তিশালী আমব্রেলা সংগঠন চাই, আর সেটি হোক জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো।”

অনুষ্ঠানে প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সভাপতি পদপ্রার্থী এবং প্যানেলের অধিনায়ক এবাদ চৌধুরী। তিনি প্রার্থীদের পরিচয়, যোগ্যতা, সামাজিক সম্পৃক্ততা এবং সংগঠন নিয়ে তাঁদের ভবিষ্যৎ ভাবনার কথা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্য, উৎসাহ ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতার প্রকাশ। ভোজন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পরিচিতি সভায় উপস্থিত ব্যক্তিবর্গের একাংশ

উল্লেখ্য, আগামী ১৭ মে ২০২৬ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ হাজার ভোটার এ নির্বাচনে অংশ নিতে পারেন। সদস্য হওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল ২০২৬। এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন স্বচ্ছতা, সৌহার্দ্য এবং ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এমনটাই সবার প্রত্যাশা। এই নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং টরন্টোর বাংলাদেশ কমিউনিটির ঐক্য এবং গণতান্ত্রিক চর্চারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আশা করা যায়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজনের মধ্য দিয়ে এ নির্বাচন কমিউনিটির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language