কাঁঠালের ভেতরে মাদক পাচার: যশোরে ৪০ বোতল সিরাপসহ আটক ১

যশোর, ২২ এপ্রিল – যশোরের চৌগাছায় একটি বড় কাঁঠালের ভেতরে বিশেষ কৌশলে মাদক পাচারের সময় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ওই উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওম আলী খাঁর ছেলে। তার কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়।
সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন আব্দুর রাজ্জাক। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে সাথে থাকা কাঁঠালটি তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে কাঁঠালের ভেতর থেকে অভিনব পদ্ধতিতে রাখা ৪০ বোতল কাশির সিরাপ উদ্ধার করা হয়। চৌগাছা থানার উপ পরিদর্শক ইমরান হোসেন জানান যে এই সিরাপগুলো মাদক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তিনি ঢাকা নিয়ে যাচ্ছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









