হরমুজ প্রণালীর কাছে ইরানি উপকূলে ৫ হাজার পাউন্ডের বোমা নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

তেহরান, ১৮ মার্চ – হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের উপকূলে একাধিক শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী প্রতিটি বোমার ওজন প্রায় পাঁচ হাজার পাউন্ড বা দুই হাজার ২৬৭ কেজি। এগুলো অত্যন্ত শক্ত বস্তু ভেদ করে মাটির অনেক গভীরে প্রবেশ করতে সক্ষম।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ উপকূলের কাছে ইরানের একাধিক শক্তিশালী মিসাইল অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি এসব অবকাঠামোতে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল মজুত ছিল যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছিল।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে বিভিন্ন দেশের কাছে সহায়তা চাইলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
এমন পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালীর কাছে ইরানি উপকূলে ভয়াবহ এই বোমা হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









