জাতীয়

আকুর বিল পরিশোধের পর ৩০ বিলিয়ন ডলারের নিচে নামল রিজার্ভ

বাংলাদেশ ব্যাংক

ঢাকা,০৬ নভেম্বর- আমদানি দায় পরিশোধের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

এই অর্থ পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল, সিক্সথ এডিশন’ (বিপিএম৬) পদ্ধতিতে হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যসংক্রান্ত লেনদেনের অর্থ পরিশোধ সহজ করার লক্ষ্যে ১৯৭৪ সালে আঞ্চলিক ব্যবস্থা হিসেবে ‘এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন’ (আকু) প্রতিষ্ঠা করা হয়।

আকুর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি দুই মাস পরপর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি করা পণ্যের বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ছাড়াও এই আঞ্চলিক লেনদেন ব্যবস্থায় ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে। এই ৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংক বহুপাক্ষিক এই ব্যবস্থার মাধ্যমে নিজেদের মধ্যে লেনদেন সম্পন্ন করে।

এস এম/ ০৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language