জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

ঢাকা,০৬ নভেম্বর- তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির জন্য আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে বৃহস্পতিবার জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিত হতে যাওয়া এ সভায় গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিরা আলাদাভাবে নিম্নতম মজুরির হার নিয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি এ শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির হার নির্ধারণের সুপারিশ তৈরি নিয়ে আলোচনা হবে।

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরির হার নিয়ে প্রস্তাব জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ০৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language