মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের চার রুটে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট স্থগিত

দোহা, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে নিজেদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্থগিত হওয়া রুটগুলো হলো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। যাত্রীদের বিষয়টি বিশেষভাবে অবহিত করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। বোসরা ইসলাম আরও জানান, পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে দুবাই ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করা হতে পারে।

বিমানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। দেশের ভেতর থেকে ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক কলের ক্ষেত্রে +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language