এসএসসি পরীক্ষায় অটোপাস বন্ধ ও জিলা স্কুল প্রতিষ্ঠাসহ শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ, ৩ মার্চ – এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় মন্ত্রী আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের কঠোর নির্দেশনা দেন।
পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে দেহ তল্লাশি নিশ্চিত করা এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী সতর্ক করে বলেন, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধাভিত্তিক জাতি গঠনের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনা হবে এবং ভবিষ্যতে অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না।
তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের ওপর জোর দেন। মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও যদি নকল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে এর জন্য দায়ী করা হবে।
নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় সচেতনতামূলক সভা আয়োজন করা হবে বলেও তিনি জানান। এছাড়া যেসব জেলায় সরকারি জিলা স্কুল নেই, সেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
সভায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
এম ম/ ৩ মার্চ ২০২৬









