জাতীয়

জ্বালানি সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ময়মনসিংহ, ১৮ আগস্ট – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় এবং এ পরিস্থিতি থেকে পুরোপুরি উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান জ্বালানি সংকট মূলত দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও দাম নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। হরমুজ ও বাব এল মান্দেব প্রণালিতে উত্তেজনার ফলে জ্বালানি পরিবহন ব্যবস্থা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে। এমন বৈশ্বিক পরিস্থিতিতে এককভাবে বর্তমান সরকারকে দায়ী করা সঠিক হবে না।

তিনি আরও জানান, দেশে গ্যাসের চাহিদার তুলনায় বর্তমানে প্রায় ১০০ কোটি ঘনফুট ঘাটতি রয়েছে। সরকার এই সংকট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার কাজ চলছে এবং স্থলভাগে নতুন করে গ্যাস অনুসন্ধানের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন জরিপ অনুযায়ী দেশের স্থলভাগে প্রায় ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন রিগ কেনার পাশাপাশি বন্ধ থাকা গ্যাস প্ল্যান্টগুলো সচল করার চেষ্টাও অব্যাহত রয়েছে।

জ্বালানি সাশ্রয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, সাময়িক দুর্ভোগ কমাতে ইতোমধ্যে প্রতিটি সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, রাজপথে জনদুর্ভোগ সৃষ্টি না করে সংসদই সরকারের সমালোচনা করার উপযুক্ত জায়গা। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে বিরোধী দল অংশ নিয়ে গঠনমূলক পরামর্শ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ উপস্থিত ছিলেন।

এনএন/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language