জাতীয়

বাড়ছে ডেঙ্গুর ছোবল: একদিনে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩!

ঢাকা, ১৮ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বছরজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৬ জন চিকিৎসা নিচ্ছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে আরও ৫১ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ৯৮ জন, চট্টগ্রামে ৯৪ জন এবং খুলনায় ১৩৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ২৪ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০০০ সাল থেকে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর ২০২৩ সালে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন।

গত বছরও ডেঙ্গুতে ৪ শতাধিক মানুষের মৃত্যু এবং ১ লাখের বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড রয়েছে।

এনএন/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language