জাতীয়

দেশে একদিনে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৮

ঢাকা, ১৮ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯১৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৯৯ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ৮১৯ জন মারা গেছেন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।

অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৩৫ জন, রাজশাহীতে ৯২ জন, ময়মনসিংহে ৭৪ জন এবং চট্টগ্রামে ৬৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বরিশালে ৪৮ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে আরও এক হাজার ২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৯০৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগ অনুযায়ী ভর্তির তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে ২৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, সিলেটে ১১৫ জন এবং বরিশালে ৮৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুরে ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে মোট এক লাখ ২৬ হাজার ২৮৯ জন হামের রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ২১ হাজার ৮৮০ জন।

বর্তমানে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৪ হাজার ৭৮০ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৮৯ জন।

এনএন/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language