পাবনায় নির্বাচনের আগে এসএলআর ও পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

পাবনা, ১১ ফেব্রুয়ারি – পাবনায় নির্বাচনের ঠিক আগের দিন জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবি বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি সেলফ লোডেড বা এসএলআর রাইফেল এবং ৯ এমএম পিস্তলসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জেলার ঈশ্বরদী উপজেলার তিনটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর পাকশী মেরিন পাড়ার কামালের ছেলে শাহিন, একই উপজেলার দিয়ার বাঘইলের হযরত প্রামাণিক এবং মানিকনগর এলাকার মমিনুর ইসলাম খোকন। পুলিশ সুপার জানান যে একটি পেশাদার অপরাধী চক্র বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আগ্নেয়াস্ত্র বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তৎপর হয়ে ওঠে। মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে শাহিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে একটি এসএলআর রাইফেল, একটি পয়েন্ট ২২ রাইফেল, একটি একনালা বন্দুক এবং ৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার দিয়ার বাঘইল এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী হযরত প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। একই দিনে আরেকটি পৃথক অভিযানে ওই উপজেলার মানিকনগর থেকে মমিনুর ইসলাম খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
খোকনের কাছ থেকে একটি ৯ এমএম ও একটি ৭.৬৫ এমএম লোডেড পিস্তলসহ ৪১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। পুলিশ সুপার আরও জানান যে আটককৃতরা মূলত পেশাদার সন্ত্রাসী এবং তারা এসব অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে থাকে। প্রায় এক সপ্তাহ ধরে গোয়েন্দা পুলিশের নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত শেষে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বড় কোনো নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনা জানা না গেলেও এই চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান ওই কর্মকর্তা।
এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









