নারায়নগঞ্জ

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, সাঁতরে প্রাণ বাঁচালেন ১৩ শ্রমিক

নারায়ণগঞ্জ, ৯ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার সময় ট্রলারে থাকা ১৩ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি সোমবার সকালে কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকা থেকে ইটবোঝাই করে কুমিল্লার হোমনার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পথিমধ্যে বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছানোর পর নদীর তীরবর্তী এলাকায় ট্রলারটি ডুবতে শুরু করে।

ওই সময় ট্রলারে অবস্থান করা নারী ও পুরুষ মিলিয়ে মোট ১৩ জন শ্রমিক দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতার কেটে তীরে উঠে আসেন। খবর পেয়ে বক্তাবলী নৌ ফাঁড়ি ও ফতুল্লা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান জানান, শ্রমিকরা সময়মতো নদীতে ঝাঁপিয়ে পড়ায় সবাই প্রাণে বেঁচে গেছেন এবং এখন পর্যন্ত কেউ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বোঝাই করার কারণেই ট্রলারটি ডুবে গেছে।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language