সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদুল আজহা

নারায়ণগঞ্জ, ২৭ মে – সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামের বাসিন্দারা আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। প্রতি বছরের মতো এবারও এসব গ্রামের মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের এই উৎসব পালনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
জানা গেছে উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া এবং কোনাবাড়াসহ মোট ২৩টি গ্রামের মানুষ আজ ঈদের নামাজ আদায় করবেন। গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত আয়োজনের কথা রয়েছে।
এছাড়া নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়া এলাকায় সকাল সাড়ে ৮টায় পৃথক জামাত অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন মাস্টার জানান তারা দীর্ঘ দিন ধরে সৌদি আরবের ক্যালেন্ডার অনুসরণ করে রোজা পালন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। উৎসব পালনের জন্য মুসল্লিদের সুবিধার্থে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
নয়াপুর গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান জানান ওই এলাকার প্রায় ২০টি পরিবার এই নিয়ম মেনে উৎসব পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ তারা ঈদুল আজহার নামাজ ও পশু কোরবানি সম্পন্ন করবেন।
এস এম/ ২৭ মে ২০২৬









