আড়াইহাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত আরও ২

নারায়ণগঞ্জ, ১৮ মে – নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সামাদ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামাদ ওই এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহত ইউসুফ আলী ও ইসমাইল একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সামাদ ও তার দুই সহযোগী বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করতে যান। কাজ শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তারা তিন জনই গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন।
আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ১৮ মে ২০২৬









