মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম বরদাস্ত করা হবে না: ববি হাজ্জাজ

ঢাকা, ১৮ মে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক দায়িত্ব।
সোমবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় প্রতিমন্ত্রী পাঁচ দফা নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, মিড-ডে মিল কার্যক্রমে অনুমোদিত নমুনা অনুযায়ী প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন গ্রহণ করা হবে না।
সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে। সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাই করা হবে। ববি হাজ্জাজ বলেন, কোনো অবস্থাতেই উপ-ঠিকাদারি বা সাব-কনট্রাক্ট প্রদান করা যাবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এই মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
খাদ্যের গুণগত মান রক্ষায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন। বিদ্যালয়ের পর্যায়ে খাদ্য নিরাপত্তা তদারকিতে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি গার্ডিয়ান কমিটি গঠন করা হবে।
এই কমিটিতে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং তিনজন অভিভাবক মা অন্তর্ভুক্ত থাকবেন। অনিয়ম ও অনৈতিক কার্যক্রম উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী জানান, দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন ও অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ১৮ মে ২০২৬









