শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১০ জুন

নারায়ণগঞ্জ, ১৩ মে – চব্বিশের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।
প্যানেলের অন্য সদস্যরা হলেন,
- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং
- বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
আদেশ প্রদানের শুরুতে আসামিদের পক্ষ থেকে করা অব্যাহতির আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সুনির্দিষ্ট অভিযোগগুলো পড়ে শোনান এবং বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে গত ১৯ এপ্রিল প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে এবং ২৩ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে শুনানি করেন।
প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানিয়েছিলেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন,
- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন,
- ভাতিজা আজমেরী ওসমান,
- অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি
- এবং নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু।
- এ ছাড়া রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না,
- আওয়ামী লীগ নেতা শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং
- ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র এই মামলার আসামি।
এস এম/ ১৩ মে ২০২৬









