রূপগঞ্জে ২ কোটি টাকার বন্ধ পানি সরবরাহ প্রকল্প চালু

নারায়ণগঞ্জ, ১৫ জুন – নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ও দীর্ঘ চার মাস ধরে বন্ধ থাকা একটি পানি সরবরাহ প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। গত ১১ জুন বাংলাদেশ প্রতিদিনে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এই উদ্যোগ নেওয়া হয়।
এর ফলে এলাকার প্রায় তিন শতাধিক পরিবার দীর্ঘদিনের পানির সংকট থেকে মুক্তি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ভুলতা ও মর্তুজাবাদ এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে জনস্বাস্থ্য অধিদপ্তর এই পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম প্রকল্পটি গ্রহণ করে।
২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি পাম্প ও এক লাখ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের নির্মাণ কাজ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়েছিল। চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান হাবিব এন্টারপ্রাইজ দুই বছর পানি সরবরাহের দায়িত্বে থাকলেও গত চার মাস ধরে কোনো কারণ ছাড়াই সরবরাহ বন্ধ ছিল।
এতে বিপাকে পড়েন স্থানীয় মধ্য ও নিম্ন আয়ের মানুষ। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় সরেজমিনে প্রকল্পটি পরিদর্শন করেন। সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে তিনি অবিলম্বে পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুকিত আল মাহমুদ জানান, গণমাধ্যমের সংবাদ থেকে বিষয়টি জানার পর প্রকল্পটি শতভাগ সচল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, মিডিয়া মারফত খবর পেয়ে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। এখন থেকে স্থানীয়দের আর পানির কষ্টে ভুগতে হবে না।
এস এম/ ১৫ জুন ২০২৬









