সাভারে জঙ্গি আস্তানায় অভিযান: ১৫টি পাইপ বোমা উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা, ১২ আগস্ট – সাভারের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সন্ধ্যা থেকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির সক্রিয় সদস্য আরিফকে আটক করা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, প্রথমে হেমায়েতপুর এলাকা থেকে আরিফকে একটি ব্যাগসহ আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ছয়টি পাইপ বোমা ও রাসায়নিক উপাদান পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ শ্যামপুরের ওই বাড়ির সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে আরও ৯টি পাইপ বোমা, গান পাউডার এবং সায়ানাইডসহ প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করেছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে, চলতি মাসের ২ আগস্ট আব্দুল জলিল নামে এক ব্যক্তির বাড়ির নিচতলা ভাড়া নেয় চক্রটি। বাসা ভাড়ার সময় তারা নিজেদের পরিচয় গোপন করে এবং স্বামী স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করে।
বাড়ির মালিকের মেয়ে জানান, তারা নিজেদের একজন গাড়িচালক এবং অন্যজন শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, অভিযানে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। আটক ব্যক্তির কাছে জেএমবির সাংগঠনিক লিফলেট পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তাদের মূল পরিকল্পনা কী ছিল সে বিষয়ে তদন্ত চলছে।
এনএন/ ১২ আগস্ট ২০২৬









