এক শতাব্দী পর স্পেনে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ: লাখো পর্যটকের ভিড়

মাদ্রিদ, ১২ আগস্ট – এক শতাব্দী পর স্পেনের আকাশে দেখা মিলছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের। এই বিশেষ মহাজাগতিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে বিশ্বজুড়ে লাখ লাখ পর্যটক, মহাকাশপ্রেমী এবং পেশাদার জোতির্বিজ্ঞানীরা বর্তমানে স্পেনে ভিড় জমিয়েছেন। প্রায় দুই মিনিটের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মনোরম দৃশ্য উপভোগ করতে মেঘমুক্ত আকাশের খোঁজে সম্ভাব্য সেরা স্থানগুলোতে অবস্থান নিচ্ছেন দর্শনার্থীরা।
স্পেন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের উত্তর পশ্চিমের আ করুনিয়া থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় দ্বীপ মায়োর্কা পর্যন্ত বিস্তৃত প্রায় ২০০ কিলোমিটার মূল ভ্রমণপথে অন্তত ৬০ লাখ মানুষের সমাগম হতে পারে। পর্তুগাল, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের কিছু এলাকা থেকে এই গ্রহণ দেখা গেলেও উন্নত আবহাওয়ার কারণে স্পেনকেই পর্যবেক্ষণের সবচেয়ে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম এবং উত্তর ইতালিসহ সমগ্র পশ্চিম ইউরোপ জুড়ে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে কেবল এই সূর্যগ্রহণ দেখার উদ্দেশ্যেই সাড়ে চার লাখের বেশি মানুষ স্পেনে এসেছেন। যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরা কয়েক মাস আগে থেকেই স্পেনের হোটেলগুলো বুক করে রেখেছিলেন।
বর্তমান পরিস্থিতিতে স্থানীয় ফার্মেসি ও চশমার দোকানগুলোতে বিশেষ সুরক্ষা চশমার তীব্র সংকট দেখা দিয়েছে। সার্বিক নিরাপত্তা এবং বাড়তি যানবাহনের চাপ সামলাতে পুলিশ বাহিনী মোতায়েনসহ সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এর পাশাপাশি কয়েকটি বিমানসংস্থা ১০ হাজার মিটার ওপর থেকে দৃশ্য ধারণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
এমনকি বিখ্যাত জাদুঘরগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে তাদের চিত্রকর্মের ওপর গ্রহণের আলোর প্রভাব প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। মাদ্রিদ প্ল্যানেটোরিয়ামের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, প্রকৃতিতে এমন মনোমুগ্ধকর দৃশ্য অত্যন্ত বিরল। স্পেনে এই সুযোগ যারা হারাচ্ছেন, তাদের অনেকেই আগামী বছর মিশরে পরবর্তী সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছেন।
এস এম/ ১২ আগস্ট ২০২৬









