আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় খনি বর্জ্যের স্তূপ ধসে ১৪ শ্রমিকের প্রাণহানি

কেপ টাউন, ১২ আগস্ট – দক্ষিণ আফ্রিকায় একটি অনুমোদিত খনি প্রতিষ্ঠানের বর্জ্যের স্তূপ ধসে অন্তত ১৪ জন অবৈধ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে সেখানে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বর্জ্যের বিশাল স্তূপে অবৈধভাবে খননকাজ চালানোর সময় হঠাৎ একটি বড় অংশ শ্রমিকদের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

হতাহতদের অধিকাংশই প্রতিবেশী দেশ লেসোথো থেকে আসা নথিপত্রহীন অভিবাসী বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চিকিৎসা শেষে তিনজনকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ খননকাজ ও অনধিকার প্রবেশের দায়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আঞ্চলিক পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর্থার অ্যাডামস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের খননকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় এই ধরনের অবৈধ খনি শ্রমিকদের স্থানীয় জুলু ভাষায় জামা জামা বলা হয়।

বহুজাতিক খনি প্রতিষ্ঠানগুলো কাজ শেষ করে চলে যাওয়ার পর পরিত্যক্ত খনি বা বর্জ্যের স্তূপে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন বহু বেকার ও নথিপত্রহীন মানুষ। এর আগেও দেশটিতে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছরের জানুয়ারিতে স্টিলফন্টেইনের একটি পরিত্যক্ত খনি থেকে ৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button