নারায়নগঞ্জ

ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জ, ২১ জুলাই – নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ও ব্রাজিল সমর্থক অপূর্বর সাথে আর্জেন্টিনার সমর্থক হাবিবের বিরোধ চলছিল। সোমবার আর্জেন্টিনা হেরে যাওয়ার পর অপূর্বর লোকজন আনন্দ মিছিল করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরবর্তীতে ব্রাজিল হেরে যাওয়ার পর হাবিব ও তার সমর্থকরা উল্লাস করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এক পর্যায়ে ব্রাজিল সমর্থকরা দলবদ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা নারীসহ কয়েকজনকে মারধর করার পাশাপাশি কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

পরবর্তীতে এলাকাবাসী আর্জেন্টিনার সমর্থকদের সাথে যোগ দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে ধাওয়া পাল্টাধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম জানান, সংঘর্ষে লিপ্তরা মূলত কিশোর বয়সী।

খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button