ইউরোপ

ইবোলার নতুন ধরন রুখতে রাশিয়ার টিকা উদ্ভাবন

মস্কো, ২৭ মে – ইবোলা ভাইরাসের প্রাণঘাতী ধরন বুন্দিবুগিও মোকাবিলায় নতুন একটি টিকা উদ্ভাবন করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকোর বরাত দিয়ে জানানো হয় যে, এই টিকাটি ইবোলার নির্দিষ্ট এই প্রজাতি থেকে কার্যকর সুরক্ষা দিতে সক্ষম। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো এবং উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়। কঙ্গোতে গত এক মাসে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় ২২০ জনের মৃত্যু হয়েছে।

ইবোলা ভাইরাসের মোট ছয়টি প্রজাতি শনাক্ত হয়েছে যার মধ্যে ২০১৪ সাল থেকে জাইর প্রজাতিটি সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে। তবে বর্তমান প্রাদুর্ভাবের জন্য বুন্দিবুগিও প্রজাতিটিকে দায়ী করা হচ্ছে। এই ভাইরাস মূলত আক্রান্ত প্রাণীর রক্ত বা অন্যান্য শারীরিক তরলের প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই টিকা উদ্ভাবনের খবরটি গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের ওপর গুরুত্বারোপ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেতে হলে এই টিকা সংক্রান্ত যাবতীয় বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language