জাতীয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মৎস্য ও কৃষিমন্ত্রী

ঢাকা, ২৭ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং সারাবিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিবাদন জানানোর পাশাপাশি সবাইকে পরিবেশবান্ধব উপায়ে এবং পরিচ্ছন্নতা বজায় রেখে কোরবানি সম্পন্ন করার অনুরোধ করেন। মন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন যে, ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা প্রদানের পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখায়।

হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা এবং দায়িত্ববোধ জাগ্রত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন,

কেবল পশু জবাই করাই কোরবানির মূল উদ্দেশ্য নয়, বরং আত্মশুদ্ধি এবং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই এই উৎসবের প্রকৃত সার্থকতা নিহিত। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে নিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করার প্রতি তিনি আহ্বান জানান।

দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দেশীয় খামারিদের পালিত পশু দিয়ে কোরবানি দেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। সবশেষে মন্ত্রী মহান আল্লাহর দরবারে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language