জাতীয়

রাজধানীর পশুর হাট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ঢাকা, ২৭ মে – ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বুধবার পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি কোরবানির পশু বিক্রেতা ও হাটে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু ছবি তোলেন।

পরবর্তীতে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়। ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান যে ঈদুল আজহার প্রস্তুতি চলাকালীন পশুর হাটের এই উৎসবমুখর পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার জন্য বেশ চমৎকার ছিল। তিনি সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা জানান।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় রাষ্ট্রদূত একটি ছাতা হাতে নিয়ে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন। কোথাও তাকে হাসিমুখে গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে আবার কোথাও তাকে কালো ছাগলের পাশে বসে থাম্বস আপ দিতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রদূতের এই সফরের ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন।

আলি আহমদ নামের একজন মন্তব্যকারী উৎসবের মৌসুমে এমন সংহতি প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন। মাকসুদা জান্নাত নামে অন্য একজন একে একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language