আবু সাঈদ হত্যায় বেরোবি ভিসিসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি

ঢাকা, ২৫ জানুয়ারি – জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম এই দাবি জানান।
রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হয়।
প্যানেলের অন্য সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানির সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিও বিশ্লেষণ করে দেখান, ঘটনার সময় আসামিরা কে কোথায় ছিলেন এবং তাদের কার্যকলাপ কী ছিল। মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়।
যুক্তিতর্ক শেষে প্রসিকিউটর ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, “এই পর্বে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটো যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। তিনি বেরোবির তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামসহ তিনজনের পক্ষে আইনি লড়াই করছেন।
বর্তমানে এই মামলার ৩০ জন আসামির মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন। রোববার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
উল্লেখ্য, এই মামলার প্রধান অভিযুক্ত বেরোবির তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬









